উদ্যোক্তা-বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণে পরিকল্পনামন্ত্রীর আশ্বাস

২১ জুন, ২০২০ ২০:০৬  
উদ্যোক্তাদের ক্ষমতায়নে অ্যাঞ্জেল ইনভেস্টরদের স্বার্থ রক্ষায় বাংলাদেশি স্টার্টআপকে প্রণোদনা ও নীতিগত সহায়তা প্রদানে নীতিগত সমর্থন দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। যৌথমূলধনী কোম্পানী নীতিমালায় বিদ্যমান বাধা দূর করে সরকারি দরপত্রে তাদের অংশগ্রহণ সহজ করার বিষয়েও আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি বিকাশ, পাঠাওয়ের মতো উদ্যোক্তা হতে সন্তানদেরকে সমর্থন যোগাতে সকল বাবাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এক্ষেত্রে উদ্দীপ্ত করার উদ্যোগ গ্রহণে বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরও আহ্বান জানিয়েছেন তিনি। আর সরকারের তরফ থেকে নীতিগত ও আর্থিক সহায়তা পেলেই আগামী ৫ বছরে দেশের স্টার্টআপ ও আইসিটি খাত জিডিপিতে  ২ শতাংশ অবদান রাখতে পারবে বলে বলে প্রত্যাশা করছেন ভিসিপিয়াব চেয়ারম্যান শামীম আহসান। রোববার (২১ জুন) ২০২০-২১ অর্থবছরের বাজেট পরবর্তী ভার্চুয়াল গোলটেবিল বৈঠকের আলোচনায় এসব বিষয় উঠে আসে। বৈঠকে উপস্থাপিক মূল প্রবন্ধে জানানো হয়, নীতিগত ও আর্থিক সহায়তা পেলে ২০২৫ সালের মধ্যে এই খাতে ৫টি জায়ান্ট ভেঞ্চর প্রতিষ্ঠান গড়ে উঠে স্টার্টআপ ইকোসিস্টেমকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। গড়ে উঠবে ১০ বিলিয়ন ডলার মূলধনের কোম্পানি। সরাসরি কর্মসংস্থান সৃষ্টি হবে এক মিলিয়ন পেশাজীবির। পরোক্ষভাবে কাজের ক্ষেত্র তৈরি হবে ৫ মিলিয়ন লোকের। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর ড. শিবলি রুবাইয়াত উল ইসলাম, এফবিসিসিআই এর সভাপতি শেখ ফজলে ফাহিম, ভিসিপিয়াবের মহাসচিব শওকত হোসেন, মসলিন ক্যাপিটাল লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং ভিসিপিয়াব পরিচালক ওয়ালি-উল-মারুফ মতিন, বিজিএমইএ সভাপতি রুবানা হক, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর, স্টার্টআপ বাংলাদেশের বিনিয়োগ উপদেষ্ঠা টিনা জাবিন, এফএনএস মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান ফেরদৌস আহমেদ, বিডিওএসএন এর সাধারন সম্পাদক মুনীর হাসান বৈঠকে বক্তব্য রাখেন। ভার্চুয়াল বৈঠকটিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভিসিপিয়াবের ভাইস চেয়ারম্যান জিয়া ইউ আহমেদ, বিল্ড বাংলাদেশের উপদেষ্টা আরস্ত খান, দৈনিক প্রথম আলোর বিজনেস এডিটর ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) এর নির্বাহী সদস্য সুজয় মহাজন, ইনফ্লেকশন ভেঞ্চারস লিমিটেডের অংশীদার তানভীর আলী, পাঠাও এর প্রধান নির্বাহী কর্মকর্তা হুসেইন এম ইলিয়াস, স্টার্টআপ ঢাকার সহ-প্রতিষ্ঠাতা সামাদ মিরালি, বাংলাদেশ এঞ্জেলসের প্রতিষ্ঠাতা পরিচালক মিনহাজ আনোয়ার, দ্য বিজনেস স্টান্ডার্ড এর নির্বাহী সম্পাদক শাহরিয়ার খান, দ্য ডেইলি স্টারের বিপণন প্রধান তাজদিন হাসান, সিএমজেএফ'র সভাপতি ও চ্যানেল টুয়েন্টিফোরের আউটপুট এডিটর হাসান ইমাম রুবেল এবং সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ।